চোট শঙ্কা কাটিয়ে অচীরেই মাঠে ফিরছেন শ্রীলঙ্কার বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ লাসিথ মালিঙ্গা। দলের প্রধান নির্বাচক সনাত জয়াসুরিয়া আজ লঙ্কান দৈনিক ডেইলি মিররকে দেয়া সাক্ষাত্কারে এই তথ্য জানিয়েছেন। পাশাপাশি দলে আর কোনো পরিবর্তনের আশঙ্কাও নাকচ করে দিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক জয়াসুরিয়া বলেন, ‘মালিঙ্গা সেরা ফর্মে ফিরতে শুরু করেছেন। সুতরাং আগামী সপ্তাহের মধ্যে আমরা পুরোপুরি ফিট একটা স্কোয়াড পেতে যাচ্ছি। তবে আগামীকালের আগে চূড়ান্ত কিছু বলতে পারছি না।’ নিউজিল্যান্ডকে দীর্ঘ সময় ধরে নেতৃত্ব দেয়া স্টিফেন ফ্লেমিংয়ের চোখে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলের সবচেয়ে প্রয়োজনীয় এই বোলারকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া সিরিজের শেষ ম্যাচেও দলে রাখা হয়েছিল।
জয়াসুরিয়া আরও জানান, মালিঙ্গার পাশাপাশি দ্রুত সুস্থ হয়ে উঠছেন চোটাক্রান্ত অন্য ক্রিকেটাররাও। অলরাউন্ডার জীবন মেন্ডিস এবং পেসার ধাম্মিকা প্রসাদের চোটের মাত্রা বেশী হলেও তারা মাঠে ফেরার পথে বলে জানান তিনি।