রূপগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় হাতবোমা তৈরি করার সময় বিস্ফোরিত হয়ে আহত রকমত আলী (২৪) নামে এক যুবক বৃহস্পতিবার দুপুরে নিহত হয়েছেন। এ সময় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী শাহীন মিয়া (২৫) আহত হন। নিহত রকমত আলী ভুলতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হাই মিয়ার ছেলে। নিহত রকমত আলীও ছাত্রলীগ কর্মী।
জানা গেছে, বুধবার রাত ১২টায় রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের মালিকানাধীন ঝুটের গোডাউনে রকমত আলী ও শাহীন মিয়াসহ ৩-৪ জনে হাতবোমা তৈরি করছিলেন। এ সময় বিস্ফোরিত হয়। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত রকমত আলী ও শাহীন মিয়াকে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে রকমত আলী মারা যান।  
এদিকে, ঘটনার পর থেকে বসত ঘরে তালা দিয়ে লোকমান হোসেন ও তার পরিবারের সদস্যরা আত্মগোপন করেছেন। নিহত রকমত আলীর বাবা-মা মারা যাওয়ার পর তার মামা লোকমান হোসেনের বাড়িতে দীর্ঘদিন ধরে তিনি বসবাস করে আসছেন। মামার গার্মেন্টস ঝুট ব্যবসা রকমত আলী দেখাশুনা করতেন। সে কারণে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তারা ঐক্যবদ্ধ হয়েই রাজনৈতিক কর্মসূচি পালন করতেন। মামা আওয়ামী লীগ নেতা হওয়ার সুবাদে ভাগ্নে রকমত আলীও ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছিলেন। হরতাল-অবরোধ বিরোধী মিটিং মিছিলে মামা লোকমান হোসেন ও মামাতো ভাই শাহীন মিয়ার সাথে রকমত আলী অংশগ্রহণ করতেন।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ব্যাপারে তারা কথা বলতে অনীহা প্রকাশ করেন।