সরকারের পতন না হওয়া পর্যন্ত চলমান অনির্দিষ্টকালের অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ঘোষণা পুনর্ব্যক্ত করা হয়।
বিবৃতিতে সালাহউদ্দিন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিএনপি এবং ২০ দলীয় জোটের সব নেতা-কর্মীসহ দেশবাসীকে চলমান কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আহবান জানান। একইসঙ্গে গত ৫ দিনের হরতাল ও চলমান অবরোধ কর্মসূচি ‘পালন’ করার জন্য নেতা-কর্মীদের অভিনন্দন জানান সালাহউদ্দিন।
ছাত্রদলের বিবৃতি
অবিলম্বে ‘হত্যা, দমন-পীড়ন ও গ্রেপ্তার’ বন্ধ করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ছাত্রদল। অন্যথায় সরকারকে করুণ পরিণতি ভোগ করার প্রস্তুতি নিতে বলেছে বিএনপির ছাত্রসংগঠনটি।
আজ সংগঠনের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, গ্রেপ্তার আর দমন-পীড়ন করে কোনোদিন কোনো আন্দোলন স্তিমিত করা যায়নি, এখনও করা যাবে না। বর্তমান সরকার শুধু গ্রেপ্তার আর দমন-পীড়ন করেই ক্ষ্যান্ত হচ্ছে না, তারা ছাত্রদল নেতাদের হত্যার মিশনে নেমেছে। এসব বন্ধ করে অবিলম্বে পদত্যাগের মাধ্যমে জাতি েস্বস্তি দিতে তারা সরকারের প্রতি আহ্বান জানান।