নোয়াখালীর বেগমগঞ্জের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের দোকানঘর এলাকার পদ্মপুকুর থেকে বৃহস্পতিবার রাত নয়টার দিকে মো. সোহেল ওরফে পিচ্চি সোহেল (৩২) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মো. সোহেল লক্ষ্মীনারায়ণপুর গ্রামের হাবিব উল্লার ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে এলাকার লোকজন জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে পদ্মপুকুর এলাকায় সোহেলের লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তাঁরা বিষয়টি বেগমগঞ্জ থানায় জানান। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইনুল হক প্রথম আলোকে জানান, ‘নিহত সোহেল একজন চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্র ও গুলি ব্যবসায়ী। অস্ত্রের ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে তিনি খুন হতে পারেন।’ বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম দাবি করেন, সোহেলদের বাড়ির সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।