আইএসের বিরুদ্ধে জর্ডানের বিমান হামলা

 
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বৃহস্পতিবার নতুন করে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে জর্ডান। সিরিয়ায় আটক এক পাইলটকে জীবন্ত পুড়িয়ে মারার জবাবে কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করার পর দেশটি এই বিমান হামলা চালালো। খবর: এএফপির।
জর্ডানের সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার সকালে আইএসের অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকবার বিমান হামলা চালায়। এসময় সন্ত্রাসী গ্রুপের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র এবং অস্ত্র ও গোলাবারুদের ঘাঁটি লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়।
সিরিয়া ও ইরাকে আইএসের দখলে থাকা বিস্তীর্ণ এলাকার ঠিক কোন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তা জর্ডানের সামরিক বাহিনী বলতে না পারলেও বিমানগুলো অভিযান চালিয়ে নিরাপদে দেশে ফিরে এসেছে বলে তারা জানায়।
মার্কিন কর্মকর্তারা জানান, আমেরিকান এফ-১৬ ও এফ-২২ যুদ্ধবিমান জর্ডানের যুদ্ধবিমানকে নিরাপত্তা দেয়। জর্ডানের এসব বিমানকে পুনরায় জ্বালানি নেয়া ও পর্যবেক্ষণ বিমানের সহায়তাও দেয়া হয়।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এফপিকে বলেন, ওয়াশিংটন ইরাকের উত্তরাঞ্চলে বিমান ও সৈন্য মোতায়েন করেছে। আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া আন্তর্জাতিক জোটের হয়ে যুদ্ধ করা ভূপাতিত বিমানের পাইলটদের উদ্ধারে সক্ষমতা জোরদারে এসব বিমান ও সৈন্য মোতায়েন করা হয়।