পরীক্ষা কেন্দ্রে অগ্নিসংযোগ: কেন্দ্র সচিবকে অব্যাহতি

রায়গঞ্জে ধানগড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় কেন্দ্র সচিব মাদ্রাসা সুপার মাওলানা রইচ উদ্দিনকে অব্যাহতি দিয়ে উপজেলা কৃষি অফিসার এনামুল হককে দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবের অফিস কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অফিস কক্ষের ট্র্যাংকে রাখা ১৪১টি উত্তরপত্র আগুনে পুড়ে গেছে।
মাদ্রাসা সুপার মাওলানা রইচ উদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর দুর্বৃত্তরা মাদ্রাসায় ঢুকে তার অফিস কক্ষের একটি জানালার ফাঁক দিয়ে উত্তরপত্র বোঝাই ট্র্যাংকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় নাইটগার্ড এশার নামাজ পডার জন্য বাইরে ছিল। আগুনের ধোয়া দেখতে পেয়ে মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পেলেও ১৪১টি উত্তরপত্র পুড়ে গেছে।
সংবাদ পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার আক্তার হোসেন, ইউএনও মো. ফিরোজ শাহ,রায়গঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করছেন।
ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, মোমবাতি জ্বালিয়ে রেখে নৈশপ্রহরী এশার নামাজ পড়তে গেলে এ ঘটনা ঘটে। তবে প্রশ্নপত্র রাখা ট্রাংকের পিছনের অংশ ভাঙ্গা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ইউএনও জানান, উত্তরপত্রের ব্যবস্থা করা হয়েছে। গতকাল প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক বিল্লাল হোসেন কেন্দ্র পরিরদর্শন করেছেন। ঘটনাটি নাশকতা না দুর্ঘটনা এনিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন চলছে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।