সাতক্ষীরায় কলারোয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধের’ পর থানা ছাত্রদলের সভাপতি আব্দুল মাজিদকে (৩২) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। এসময় আহত হয় তিন পুলিশ সদস্য। শুক্রবার ভোর রাত তিনটার দিকে উপজেলার ঠুকুরবাড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন, ওসি তদন্ত শেখ শফিকুর রহমান, এসআই ইকবল হোসেন, কনস্টেবল হাবিব। আহতদেরকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, এক দল পুলিশ হাইওয়ে ডিউটিরত ছিলেন। রাত তিনটার দিকে তারা কেরালকাতা ই্উনিয়নের ঠাকুরবাড়ী নামক স্থানে পৌঁছালে ১০/১২ জন সন্ত্রাসী পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ও ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায় হামলাকারীরা পিছু হটে। এসময় বাম পায়ে গুরুতর জখম অবস্থায় আবদুল মাজিদকে গ্রেফতার করা হয়। তকে পুলিশ হেফাজতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা ওসি ওয়াচ এসআই কামাল হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বন্দুকের গুলির খোসা, আটটি লোহার জালের কাঠি, কয়েকটি ছোট ছোট পাথরের টুকরা এবং একটি দেশীয় শাটার গান উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আব্দুল মজিদ কলারোয়া শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া পুলিশের ওপর হামলার ঘনায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।
এদিকে আবদুল মাজিদের বাবা আব্দুস সাত্তার জানান, গত বুধবার বিকালে তার ছেলেকে পুলিশ শার্শার সাতমাইল হাটের উত্তরপাশের একটি পরিত্যক্ত ভবন থেকে আটক করে। পরে তাকে কলারোয়া থানায় সোপার্দ করা হলে পুলিশ শুক্রবার ভোররাতে মজিদের পায়ে বন্দুকের নল ঠেকিয়ে গুলি করে আহত করে।