গৌরনদীতে ট্রাকে পেট্রোল বোমায় নিহত ৩

বরিশালের গৌরনদীতে একটি ট্রাকে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গৌরনদীর মাহিলাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক ড্রাইভার ইজাজুল, হেলপার মুন্না ও ইজাজুলের শ্বশুর (নাম জানা যায়নি)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোল্ট্রি খাবার ভর্তি ট্রাকটি গাজীপুরের বাগের বাজার থেকে বরিশাল যাচ্ছিল। গৌরনদীর মাহিলাড়া হাটের দক্ষিণ পাশে সরকার মঠ সড়কের সন্নিকটে পৌঁছলে দুবৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে।  এতে অগ্নিদগ্ধ হয়ে ৩ জন মারা যান। নিহতদের বাড়ি ফরিদপুরের বদরপুর এলাকায় বলে জানা গেছে।
সকালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, পুলিশের ডিআইজি হুমায়ুন কবির, জেলা প্রশাসক শহিদুল আলম, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।