গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুইটি ভুট্টাবোঝাই ট্রাকে পেট্রোল বোমা হামলা চালিয়েছে হরতাল-অবরোধকারীরা। ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলা সদরের ব্রাক অফিস মোড় এলাকায় শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেলেও কোন হতাতের খবর পাওয়া যায়নি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, রংপুর থেকে ভুট্টা নিয়ে ট্রাক দুইটি বগুড়া যাচ্ছিল। ওই মহাসড়কের উপজেলা সদরের ব্রাক অফিস মোড় এলাকায় পৌঁছালে হরতাল-অবরোধকারীরা ওই দুইটি ট্রাক লক্ষ্য করে পর পর দুইটি পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে ট্রাক দুইটির সামনের অংশ পুড়ে যায়। তবে এ সময় ট্রাক চালক ও তার সহকারীরা দ্রুত ট্রাক থেকে নেমে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা যায়নি।