নারায়ণগঞ্জে ট্রলার ডুবে দুই শিশু নিখোঁজ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। শনিবার সকালে মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারের ১০ যাত্রী আহত হয়েছেন। ট্রলারের যাত্রীরা শুক্রবার পুরাতন বন্দরে সিরাজ শাহ্ মাজার জিয়ারত শেষে সকালে মেঘনা ঘাটে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটার দিকে খালি ড্রামভর্তি একটি কার্গো মেঘনাঘাটগামী অর্ধশতাধিক যাত্রীবোঝাই ট্রলারটিকে ধাক্কা দিলে এটি ডুবে যায়।
এ সময় ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও সুমাইয়ার (৮) ও ফাহিম (৪) নামের দুই শিশু নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিসের ডুবুরিরা ওই দুই শিশুর সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে।