রবিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী শুক্রবার সকাল ৯টায় এবং মঙ্গলবারের পরীক্ষা শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
বিএনপি ও তার শরিকদলের ডাকা ৭২ ঘণ্টার হরতালের কারণে আবারো পরীক্ষা পেছানো হলো। এ নিয়ে তৃতীয়বারের মতো এসএসসির পরীক্ষা পেছানো হলো।
মন্ত্রীর তথ্য অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি রবিবারের এসএসসির ইংরেজি প্রথম পত্র, দাখিলের আরবি প্রথম পত্র ও কারিগরীর গণিত-২ বিষয়ের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ১০ ফেব্রুয়ারি মঙ্গলবারের এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র, দাখিলের আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-২, সামাজিক বিজ্ঞান-২ পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মন্ত্রী বিএনপির প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা কর্মসূচি পালন করবেন করেন। কিন্তু ছেলেমেয়েদের স্বার্থে পরীক্ষা ব্যহত করবেন না। আপনারা পরীক্ষার আগের দুই ঘণ্টা ও পরের দুই ঘণ্টা হরতাল থেকে বিরত থাকুন। তাতেও ছেলেমেয়েরা পরীক্ষাটা দিতে পারবে।
এদিকে ৪ ফেব্রুয়ারির স্থগিত হওয়া পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়। বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্র, দাখিলে হাদিস শরিফ এবং কারিগরীতে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী চট্টগ্রাম নগরীর কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, বাওয়া স্কুল ও নাছিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরে বিকালে সংবাদ সম্মেলন করে রবি ও মঙ্গলবারের পরীক্ষা স্থগিত হওয়ার তথ্য জানান।
এর আগে, হরতালের কারণে ২ ও ৪ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হয়।