লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাটে আওয়ামী লীগ নেতাকে ও লক্ষ্মীপুর শহরে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন (৪০) ও লক্ষ্মীপুর পৌর শহর এলাকার ছাত্রলীগ-কর্মী মো. রাসেল (১৬)। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস জানান, লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় চাপাতি দিয়ে ছাত্রলীগ কর্মী রাসেলের হাতে ও মাথায় কুপিয়ে আহত করেছে শিবির কর্মীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
আপর দিকে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার রাতে মতিরহাট মাছঘাট এলাকায় দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানা জানায়, এসব ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।