নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে উপজেলার কাঞ্চন পৌরসভার চাঁন টেক্সটাইল এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রাক চালক বাদশা মিয়া (৪০) ও হেলপার হেলাল (৩৮) অগ্নিদগ্ধ হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ছয়টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের চাঁন টেক্সটাইল এলাকায় একটি চালবাহী ট্রাকের সামনের অংশে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করলে এতে আগুন ধরে যায়। তৎক্ষণাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন ট্রাক চালক ও হেলপার।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। নাশকতা করার অভিযোগে বাবুল মিয়া (৩৩) ও সাত্তার আলী (২৮) নামে দুইজনকে আটক করা হয়েছে।