ছাত্রদলের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে ক্লাস-পরীক্ষা ঠেকাতে একাডেমিক ভবনের গেটের তালাগুলোতে 'সুপার গ্লু' লাগিয়ে দিয়েছে রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে তালায় 'সুপার গ্লু' দেখার পর তালা ভেঙে ভবনগুলোর গেট খুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে আটকের প্রতিবাদে শনিবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল রাবি শাখা ছাত্রদল।
শনিবার সকালে গিয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবন, শহীদুল্লাহ কলা ভবন, রবীন্দ্র ভবন, সবগুলো বিজ্ঞান ভবনসহ বিভিন্ন একাডেমিক ভবনের বিভাগীয় অফিস এবং কিছু বিভাগের ক্লাসরুমের তালায় 'সুপার গ্লু' লাগানো।
বিএনপি নেতৃত্বাধীন জোটের লাগাতার অবরোধের মধ্যে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়েও তালায় 'সুপার গ্লু' লাগিয়ে ধর্মঘটের চেষ্টা করেছিল ছাত্রদল।