আগামী ২৮ ফেব্রুয়ারি চতুর্থ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন-২০১৫ আয়োজন করেছে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)। ‘জনগণই একটি জাতির মূল চালিকাশক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে অতিথি হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ান এইচআর ইন্সটিটিউটের সভাপতি পিটার উইলসন, ভারতের মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ টি ভি রাও এবং বিএসএইচআরএম সভাপতি মো. মোশাররফ হোসেনসহ দেশ-বিদেশের করপোরেট ও মানবসম্পদ বিশেষজ্ঞরা।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান বিএসএইচআরএমের সভাপতি মাশেকুর রহমান।
মাশেকুর রহমান খান বলেন, ‘১৬ কোটি মানুষের এ দেশে মানবসম্পদ ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত। অথচ অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে মানবসম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব অনেক কম। পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলংকা, পাকিস্তান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে মানবসম্পদের জন্য পৃথক মন্ত্রণালয় থাকলেও আমাদের দেশে নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসএইচআরএমের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য কাজী এম আহমেদ, মোহাম্মদ রিয়াদ হোসাইন প্রমুখ।