জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উপমুখপাত্র ফারহান হক বলেছেন, ‘বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের অংশগ্রহণ এক বিষয় নয়। তবে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমরা আমাদের উদ্বেগ জানিয়েছি।’ স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রেস ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘বাংলাদেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। গাড়িতে আগুন দেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর (খালেদা জিয়া) বিরুদ্ধে মামলা হয়েছে। কর্তৃপক্ষ আন্দোলনকারীদের ওপর সহিংসতা চালাচ্ছে। এ ক্ষেত্রে মহাসচিবের (বান কি মুনের) প্রতিক্রিয়া কী? রাজনীতি-বিষয়ক বিভাগ বা জাতিসংঘের অন্য কেউ কি মধ্যস্থতার উদ্যোগ নিচ্ছে? বেসামরিক নাগরিকের সঙ্গে যা করা হচ্ছে তা নিয়ে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা যা বলছেন তাতে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের ওপর কী প্রভাব পড়বে?
জবাবে মুখপাত্র বলেন, ‘রাজনৈতিক প্রক্রিয়া ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এক বিষয় নয়। শান্তিরক্ষীরা মূলত শান্তিরক্ষা মিশনের অধীনে থাকেন। বাংলাদেশ-পরিস্থিতি নিয়ে আমরা আমাদের উদ্বেগ জানিয়েছি। আপনারা যেমন জানেন, আমাদের রাজনীতি-বিষয়ক বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারাসহ অন্যান্য কর্মকর্তারা বারবার বাংলাদেশ সফর করেছেন। এ সব সফরে তারা নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন এবং নিশ্চিত করেছেন যে, সংকটের শান্তিপূর্ণভাবে সমাধান সম্ভব। আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। কিন্তু তাতে কাজ হচ্ছে না এবং সেখানে সহিংসতা চলছে। শান্তিপূর্ণ সভা-সমাবেশের সুযোগ দেয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে উত্সাহিত করার চেষ্টা করছি। একই সঙ্গে জাতিসংঘ প্রধান দুই দলের নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। দুই দল যেন তাদের মতপার্থক্যের অবসান ঘটাতে পারে, সে চেষ্টাও করবে।’