রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

 

নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়। বিশেষ এই অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ১০ জন বিএনপি ও একজন জামায়াত-শিবিরের নেতাকর্মী। গ্রেফতার অপর তিনজন নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কর্মী।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, নিউমার্কেট, চকবাজার, বংশাল, যাত্রাবাড়ি, আদাবর, মিরপুর, পল্লবী, বনানী, ভাটারা ও উত্তরা-পশ্চিম থানা এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অ্যবাহত রয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে। যানবাহনে পেট্রোল বোমা হামলা ও আগুন দেয়ায় হতহাতের সংখ্যা বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে নাশকতায় জড়িতদের ধরতে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। গোয়েন্দা তথ্য ও স্থানীয় বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে এসব অভিযান চালানো হচ্ছে। এতে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন। 
চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে জঙ্গি বা উগ্রপন্থী কোনো গোষ্ঠী যেন সুযোগ না নিতে পারে সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছেন গোয়েন্দারা। এ কারণে জঙ্গি সংগঠনের সদস্যদেরও অভিযানে গ্রেফতার করা হচ্ছে। এদিকে ঢাকার বাইরের বিভিন্ন জেলাতেও চলছে নাশকতাকারীদের গ্রেফতার অভিযান। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হচ্ছে বলে দাবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।