শ্যামলীতে ককটেল হামলায় পুলিশ সার্জেন্ট আহত

 
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের মধ্যে রাজধানীর শ্যামলীতে দুর্বৃত্তদের ছোড়া ককটেল ও ইটের আঘাতে আহত হয়েছেন ট্রাফিক সার্জেন্ট গোলাম মাওলা।
শনিবার সকালে শ্যামলীর শিশুমেলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সার্জেন্টকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গনেশ গোপাল বিশ্বাস বলেন, সকাল ৮টার দিকে শিশুমেলা এলাকায় দায়িত্ব পালন করছিলেন গোলাম মাওলা। এ সময় একদল দুর্বৃত্ত হঠাত্ তাকে লক্ষ্য করে ককটেল ও ইট-পাটকেল ছোড়ে। ককটেলটি তার খুব কাছে পড়ে বিস্ফোরিত হয়। এতে তার দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার বিদ্ধ হয়। তবে গুরুতর আঘাত লাগে তার মাথায়। দুর্বৃত্তদের ছোড়া একটি ইটের টুকরা লেগে তার মাথা ফেটে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল থেকেই তিনি চিকিত্সকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন। পরে বিকেলে চিকিত্সকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত।
এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হলেও শেরেবাংলা নগর থানা পুলিশ তা স্বীকার করেনি। ওসি গনেশ গোপাল বিশ্বাস বলেন, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনও কাউকে আটক করা হয়নি। তবে অভিযান চলছে।
চলমান অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে। যানবাহনে পেট্রল বোমা হামলা ও আগুন দেয়ায় হতহাতের সংখ্যা বেড়েই চলেছে। অবরোধ সমর্থকদের হামলা থেকে বাদ পড়ছেন না আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। গত ১৭ জানুয়ারি রাতে শাহবাগে বাসে পেট্রোল বোমা হামলায় দদ্ধ কনষ্টেবল শামীম চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় আরও ১২ জন পুলিশ সদস্য অগ্নিদগ্ধ হন।