যশোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক মাছ ব্যবসায়ী আব্দুল কাদের (৩৮) নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের যশোর সদরের চুড়ামনকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত হাফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, আব্দুল কাদের মোটরসাইকেল চালিয়ে যশোর-ঝিনাইদহ সড়ক দিয়ে যশোর শহর অভিমুখে আসছিলেন। পথিমধ্যে চুড়ামনকাটি বাজারে ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে ঝিনাইদহমুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-৩২৪৩) মোটর সাইকেলটিকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় কাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আক্তারুজ্জামান মির্জা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।