যশোরে মবিল ও গ্রিস কারখানায় আগুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান বিসিক যশোর এলাকায় অবস্থিত গালফ মবিল ও গ্রিস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 
শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘন্টার বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার মতো। 
প্রতিষ্ঠানটির ম্যানেজার প্রবীর কুমার দাস বলেন, দুপুরের দিকে কড়াইতে গ্রিস জ্বালানোর পর সেটা তাঁতালে ঢাললে প্রচণ্ড গরমে আগুন ধরে যায়। প্রথমে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।  তিনি দাবি করেন মালামাল পুড়ে এক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। 
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল কুন্ডু জানান, বেলা একটার দিকে আগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের যশোর স্টেশনের তিনটি ও ঝিকরগাছা থেকে একটিসহ মোট চারটি ইউনিট দুই ঘন্টার বেশি চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, বিভিন্ন সূত্র দাবি করেছে ওই কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল মবিল ও গ্রিস তৈরি করা হয়। শনিবারও একইভাবে ভেজাল মবিল ও গ্রিস তৈরি চলছিল। এ অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা বিষয়টি ফাঁস হয়ে যাবার আশংকায় নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।