চাঁপাইনবাবগঞ্জে এমপির অফিসে বোমা হামলা

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের অফিসে বোমা হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। গতকাল শনিবার ভোরে এই হামলা চালানো হয়। তবে এতে কেউ হতাহত না হলেও জানালা ক্ষতিগ্রস্ত হয় এবং আসবাবপত্রে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও সংসদ সদস্যের অফিস সূত্র জানায়, শনিবার ভোর ৬টার দিকে সংসদ সদস্যের পাঠানপাড়াস্থ অফিসে কয়েকজন দুষ্কৃতকারী বোমা হামলা চালায়। সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মোল্লার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ বোমা হামলায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ৭টায় কাশিয়ানী উপজেলার রাতৈল ইউনিয়নের ভাদুলিয়া গ্রামে আব্দুর রউফ মোল্লার বাড়িতে। সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) মো. ফারুক খান (এমপি), অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লাপাড়া থানার ভিতরে ককটেল বিস্ফোরণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, শনিবার রাত সাড়ে সাতটার দিকে উল্লাপাড়া মডেল থানার প্রাচীরের মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আশেপাশের লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করে। এ সময় ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে যায়। এতে অবশ্য কেউ হতাহত হয়নি। থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, দুর্বৃত্তরা থানার অদূরে মসজিদের পূর্বপাশ থেকে ককটেলটি নিক্ষেপ করে পালিয়ে যায়। রিপোর্টটি লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।