চলতি সপ্তাহের হরতাল ৭২ ঘণ্টা থেকে বাড়িয়ে ১০৮ ঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। চলমান অবরোধ কর্মসূচির সঙ্গে আজ রবিবার সকাল ৬টা থেকে প্রথম দফায় টানা ৭২ ঘণ্টার হরতাল শুরু হবে। শেষ হবে বুধবার সকাল ৬টায়। এর পর পরই আবার ৩৬ ঘণ্টা হরতাল দেয়ার পরিকল্পনা হয়েছে বলে বিএনপিসূত্র জানায়। অর্থাত্ এই সপ্তাহের হরতাল শেষ হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। গতকাল দলের একটি দায়িত্বশীল সূত্র জানায়, দ্বিতীয় দফার হরতালের ঘোষণা মঙ্গলবার দেয়া হবে। এর পরের সপ্তাহেও বিরামহীন ১০৮ ঘণ্টার হরতাল দেয়ার চিন্তা করছে দলটি। বেগম জিয়ার জরুরি নির্দেশনাগুলো সেলফোনে গুলশান অফিস থেকে এসএমএস আকারে সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হচ্ছে।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, শুক্রবার রাতে গাইবান্ধার তুলশীঘাটে যাত্রীবাহী বাসে বর্বরোচিত পেট্রোল বোমা হামলার ঘটনায় বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বরাবরই বলে আসছে যে, এধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে তারা আদৌ জড়িত নয়। বরং সরকারই এধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে বিরোধী দলের ওপর দায় চাপানোর অপচেষ্টা অব্যাহত রেখেছে।