গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঐ গোডাউন ও এর পাশের চারটি দোকান পুড়ে গেছে। রবিবার ভোর রাতে মহানগরের কোনাবাড়ি আমবাগ পূর্বপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, ভোর রাত পৌনে ৪টার দিকে আমবাগ এলাকার নূরুল ইসলামের ঝুটের গোডাউনের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ঝুটের গোডাউনের অন্যান্য কক্ষে এবং দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। তিনি আরো জানান, বিড়ি-সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।