নিরাপত্তাজনিত কারণে পেছাল নাইজেরিয়ার নির্বাচন

 
নিরাপত্তাজনিত উদ্বেগে নাইজেরিয়ায় আগামী শনিবারের নির্ধারিত প্রেসিডেন্ট ও সাংবিধানিক নির্বাচন ছয় সপ্তাহ পিছিয়ে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। রবিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বড় একটি অংশ ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের দখলে থাকায় সেখানে বাস্তুুহারা হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। এমন পরিস্থিতিতে দেশটিতে একটি নির্বাচন অনুষ্ঠান আদৌ সম্ভব কিনা তা নিয়ে বেশ বিতর্ক চলছিল।
নাইজেরিয়ায় আগামী শনিবারের অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন বাতিল করা হবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশনের এক ঘোষণার আগে দেশটির বিভিন্ন শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছিল।
ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা বলছিলেন, ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হুমকির মুখে নির্বাচনের দিন জনসাধারণকে পর্যাপ্ত নিরাপত্তা দেবার কোন নিশ্চয়তা দিতে পারছেন না তারা।
এই অবস্থায় একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সন্দেহ দেখা দেয়ায় নানা বিতর্কের মুখে অবশেষে ছয় সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নিল নাইজেরিয়ার নির্বাচন কমিশন।

আগামী মাসের ২৮ তারিখে এই নির্বাচন অনুষ্ঠানের নতুন তারিখ ধার্য করা হয়েছে। শনিবার পর্যন্ত নাইজেরিয়ায় নির্বাচন অনুষ্ঠান পিছিয়ে দেয়ার সবধরণের প্রচেষ্টাই নাকচ করে আসছিল কর্তৃপক্ষ।