বগুড়ায় শিবিরের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, আটক ১৫

বগুড়ায়  হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলে ধাওয়া দেয়ায় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে জামায়াত-শিবির কর্মীরা। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে শহরের শেরপুর রোডে কানছগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি ।  দূর পাল্লার যানবাহন চলাচল না করলেও হরতালে শহরে রিক্সা, অটোরিক্সা  সহ সব ধরণের হালকা যানবাহন চলাচল করছে । শহরে র‌্যাব পুলিশের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে । জেলার গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে ।
এদিকে গেল রাতে পুলিশ জেলার বিভিন্ন স্থান থকে ১৫ জনকে গ্রেফতার  করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে সকাল সাড়ে সাতটার দিকে শহরের শেরপুর রোডের পিটিআই মোড় কানছগাড়ী থেকে জামায়াত-শিবির কর্মীরা মিছিল বের করে। তারা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে।খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে জামায়াত-শিবির কর্মীদেরকে ধাওয়া দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ  করে এবংও ৩/৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এ ছাড়াও শনিবার গভীররাতে শহরতলীর পালশা এলাকায় একটি গ্যারেজে রাখা দুইটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, গেল রাতে ভাঙচুর ও  নাশকতার মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ নেতা কর্মীকে গ্রেফতার করেছে।