নাম সংকটে রজনীকান্ত!

 
অনুমতি ছাড়াই নিজের নাম ব্যবহার করায় খারাপ লেগেছে ভারতের কিংবদন্তী অভিনেতা রজনীকান্তের। আর তাই পুরো একটা চলচ্চিত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মাদ্রাস হাইকোর্ট। আর এই নিষেধাজ্ঞার ফলে সেন্সরের ছাড়পত্র থাকা সত্ত্বেও আটকে গেল ‘ম্যায় হু রজনীকান্ত’ ছবির প্রদর্শনী।
অনুমতি ছাড়া নিজের নাম ব্যবহার করায় ‘পার্সোনালিটি রাইটস’- অভিযোগ করেন রজনীকান্ত। আর তার কাছ থেকে অভিযোগ পেয়েই বিচারক আর সুভাইয়া চলচ্চিত্র মুক্তি স্থগিতের আদেশ দেন।
রজনীকান্তের অভিযোগ ছিল যে, এই চলচ্চিত্রে তার নাম অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। এতে তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তার নাম অনুমতি ছাড়াই ব্যবহার করে ছবির প্রযোজক সংস্থা ব্যবসা করছে বলেও অভিযোগ তার৷ এমনকি ঐ প্রযোজক সংস্থা কখনো এটিকে তার বায়োপিক বলে প্রচার করেও ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে বলে দাবি তার।
অন্যদিকে প্রযোজনা সংস্থার তরফ থেকে এ অভিযোগ অস্বীকার করে জানানো হয়, ছবির নাম ছাড়া আর কোথাও রজনীকান্তের নাম ব্যবহার করা হয়নি। ছবির চরিত্রটির নাম রজনীকান্ত রাও।
তাদের আরো দাবি, চলচ্চিত্র তৈরির ঘোষণা হয়েছিল ২০১৪-এর জানুয়ারিতে। সমস্ত বড় কাগজে সে খবর বেরিয়েছিল। তা হলে এতদিন কেন কোনো অভিযোগ জানাননি রজনীকান্ত। ‘পার্সোননালিটি রাইটস’-এর তত্ত্ব অস্বীকার করে তাদের দাবি রজনীকান্ত যে কারো নাম  হতে পারে।

বিচারক অবশ্য এ কথা মানতে নারাজ। রজনীকান্ত বললে প্রথমেই কাকে বোঝানো হয় সে কথা মনে করিয়ে দিয়ে  তিনি জানান, রজনীকান্ত ‘কমন নেম’ হতে পারে না। চলচ্চিত্রটির নাম দেখে যে কেউ রজনীকান্তের সঙ্গেই ছবির যোগসূত্র খোঁজার চেষ্টা করবেন, অন্য কারোর কথা ভাববেন না বলেই মনে হয়েছে তার। সূত্র: কলকাতা২৪।