রিয়ালের লজ্জার হার

 
লা লিগার দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে লজ্জার হারের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবারের ঐ ম্যাচে প্রতিপক্ষের কাছে ৪-০ গোল হারে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের শুরুর প্রথম থেকেই বেশ চাপে ছিল রিয়াল মাদ্রিদ।  খেলার ১৪ মিনিটেই থিয়াগোর গোলে এগিয়ে যায় আতলেতিকো। মান্দজুকিচের পাসে ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শটে গোল করেন থিয়াগো। এর চার মিনিট পর আবারো আঘাত হানে দিয়েগো সিমিওনের দল। কোকের বদলি হিসেবে নেমে মাথায় ব্যাকহিল করে অসাধারণ গোলটি করেন সাউল। এরপর আর গোল না হওয়ায় ম্যাচ অর্ধসময় শেষ হয় ২-০ গোলে।
বিরতির পরে ম্যাচের ৫৯তম মিনিটে গ্রিজম্যানের একটি শট রুখে দেন রিয়াল গোলরক্ষক ক্যাসিয়াস। দুই মিনিট পর আবারো গ্রিজম্যানের আরেকটি জোড়ালো শট প্রতিহত করেন ক্যাসিয়াস। তবে, ৬৭ মিনিটে আর পেরে ওঠেননি রিয়ালের গোলরক্ষক। আরদা তুরানের বামপাশ দিয়ে কোনাকুনি শটে হেড করেন সাউল। আর সেখান থেকে বল পেয়ে রিয়ালের জালে বল জড়ান গ্রিজম্যান। খেলার ৮৮ মিনিটে ফার্নান্দো তোরেসের পাস থেকে দলের চতুর্থ গোলটি করেন। শেষ পর্যন্ত ৪-০ গোলে পরাজয় বরণ করে রিয়াল।
আতলেতিকোর কাছে হারলেও পয়েন্টের তালিকায় এখনো শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের পয়েন্ট ৫৪। অন্যদিকে, জয় তুলে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে আতলেতিকো। দুই দলের পয়েন্ট এখন ৫০ করে। তবে বার্সার এই স্কোর এসছে ২১ ম্যাচ থেকে আর আতলেতিকোর লেগেছে ২২ ম্যাচ।