লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রবিবার সকালে ইয়াছির আরাফাত (১১) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
জানা গেছে, উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বড়কমলাবাড়ি বাদিরচওড়া গ্রামের রুহুল আমিন এর পুত্র ইয়াছির আরাফাতকে (১১) শনিবার রাতের কোন এক সময় গলা টিপে হত্যা করেছে দুর্বত্তরা। রবিবার সকালে আরাফাতের লাশ তার চাচা রাজ্জাকের বাড়ির পাশে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত কিশোরের বাবা রুহুল আমিন জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে আরাফাতকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুস সোবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কিশোরের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।