চাটমোহরে ৬টি ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৭

পাবনার চাটমোহরে শনিবার দিবাগত রাতে পাঁচ জায়গায় ছয়টি ককটেলের বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। ঘটনার পর পরই পুলিশ উপজেলা যুবদলের আহ্বায়ক, ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ সাতজনকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে চাটমোহর পৌর শহরের বাসষ্ট্যান্ড, বালিকা উচ্চ বিদ্যালয় গেট, ডিগ্রি কলেজ গেট ও অর্পন সিনেমা হল এলাকায় পরপর ছয়টি ককটেলের বিস্ফোরন ঘটায় দুর্বৃত্তরা। বাসস্ট্যান্ড এলাকায় ককটেলের বিস্ফোরণে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বেজপাড়া গ্রামের  স্বপন (২৫) আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। ককটেল বিস্ফোরনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বালিকা বিদ্যালয় গেট এলাকার ভাড়াটিয়া বাসা থেকে উপজেলা যুবদলের আহ্বায়ক চড়পাড়া গ্রামের সেলিম রেজাকে (৪৫) আটক করে। এছাড়া আটক করা হয় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের ফারুক হোসেন (২৫), গুনাইগাছা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি চড়পাড়া গ্রামের আলাল উদ্দিন (৪০), সাংগঠনিক সম্পাদক চড়পাড়া গ্রামের মুরাদ হোসেন (৩৫), নিমাইচড়া ইউনিয়ন যুবদল নেতা করকোলা গ্রামের আলহাজ্ব সিরাজ আলীর ছেলে রবিউল করিম রবি (৪৩), ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা গ্রামের আবু হানেফ সরকারের ছেলে বিএনপির কর্মী  নুরুজ্জামান (৪৫) ও কাটেঙ্গা গ্রামের তাছের প্রাং- এর ছেলে বিএনপি কর্মী আ. হান্নান (৪৮)। আটককৃতদের রবিবার জেল হাজতে পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।