বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট জনবিরোধী সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি আজ নিষিদ্ধ সংগঠনে পরিণত হয়েছে। নিষিদ্ধ সংগঠন যেমন চোরাগোপ্তা বিবৃতি দিয়ে জনগণের সম্মুখে আসতে চায় বিএনপি তেমনি চোরাগোপ্তা হামলা পরিচালনা করে ক্ষমতায় আসতে চায়।’
তিনি বলেন, ‘বিএনপি আজ নিষিদ্ধ সংগঠনের মোল্লা ওমর, আল জাওয়াহিরির মতো বিবৃতি পাঠিয়ে কর্মসূচি দিচ্ছে, যে কর্মসূচিতে জনগণের কোনো জনসম্পৃক্ততা নেই। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’
সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে ও শেখ নওসের আলীর উপাস্থপনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুক হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম এ করিম, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।