সচিবালয়ে সরকার-বিরোধী লিফলেট, ৫ কর্মকর্তা-কর্মচারী আটক

 
 
 
 
 
 
 
সচিবালয়ের ৭ নম্বর ভবনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকার-বিরোধী লিফলেট উদ্ধার করেছে নিরাপত্তা পুলিশ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করেছে নিরাপত্তা পুলিশ।
রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সচিবালয়ের ৭ নম্বর ভবনের সপ্তম তলার ৬২০ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ২০ থেকে ২৫টির মতো সরকার-বিরোধী লিফলেট উদ্ধার করে নিরাপত্তা পুলিশ।
এ ঘটনায় সন্দেহভাজন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেশন অফিসার (এও)  দৌলতুন্নেছা, পার্সোনাল অফিসার (পিও) গাজী গোলাম মোস্তফা, অফিস সহকারী জিন্নাতুল করিম, এমএলএসএস মাহফুজুর রহমান এবং সোহেল রানাকে আটক করে নিরাপত্তা শাখার অফিসে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।  
খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সচিবালয়ে যায়। সন্দেহভাজন আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় নিরাপত্তা পুলিশ। এ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে মিন্টু রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে (ডিবি) নেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সচিবালয় নিরাপত্তা শাখার প্রধান অতিরিক্ত উপপুলিশ কমিশনার আনিচুর রহমান বলেন, ‘এখনো বলার মতো কিছু হয়নি।’
উদ্ধার করা লিফলেটটি সচিবালয়ে গোপনে বিতরণ করার জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল বলে জানান নিরাপত্তা কর্মীরা।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) গাজী গোলাম মোস্তফার নিয়ন্ত্রণে রাখা ছিল বলে জানান নিরাপত্তা কর্মীরা।
লিফলেটটি ‘দেশপ্রেমিক সরকারি কর্মকর্তা-কর্মচারী’ ব্যানারে প্রকাশ করা হয়।
লিফলেটের শিরোনামে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করা হয়। শিরোনামে বলা হয়, ‘লালসার আর হিংসায় উন্মত্ত হাসিনা ও আওয়ামী দুঃশাসন-দুর্বৃত্তায়নে মাতৃভূমি রক্ষায় উদাত্ত আহ্বান।’ 
‘প্রজাতন্ত্রের সম্মানীত সহকর্মী স্বদেশ অনুরাগী, সর্বপেশাজীবী এবং সুপ্রিয় দেশবাসী’ সম্বোধন করে লিফলেটে সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, ‘ভিন্নমত দমনে সরকার অপহরণ, গুম, খুন ও কারা নির্যাতনের বীভত্সতায় মানুষ আজ চরম অসহায়।’
গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয় লিফলেটে।