‘পেট্রোলবোমার বিরুদ্ধে মানবতার শক্তিই সবচেয়ে বড় শক্তি।’ রবিবার ঢাকা মহানগর ১৪ দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে অবস্থান নিয়ে ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
রবিবার বেলা ৩টা থেকে শুরু হওয়া মানববন্ধন রাজধানীর গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, জাতীয় সংসদ, রাসেল স্কয়ার, বসুন্ধরা সিটি, সোনারগাঁও হোটেল, শাহবাগ, মত্স্য ভবন, প্রেসক্লাব, পল্টন, জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু স্টেডিয়াম, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মন্ত্রিপরিষদের সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় নেতা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মানববন্ধনে জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘দানবের সঙ্গে মানবের সংলাপ হয় না।’
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘সহিংসতায় নিহত সবার দায়দায়িত্ব খালেদা জিয়াকে নিতে হবে।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এই সংকট গণতন্ত্র রক্ষার সংকট। সবাইকে একসঙ্গে তা মোকাবিলা করতে হবে।’