মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে আকস্মিক বৈঠক করেছেন। মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উভয় নেতা নতুন করে আলোচনা করেছেন।
জার্মানির দক্ষিণাঞ্চলের মিউনিখ নগরীতে সফরকালে এটা দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের দ্বিতীয় বৈঠক। বৈশ্বিক ক্ষমতাধররা নির্ধারিত সময়সীমা আগামী ৩১ মার্চের আগে ইরানের আণবিক উচ্চাকাক্সক্ষার লাগাম টেনে ধরার চেষ্টা চালাচ্ছে। কেরি রবিবার সন্ধ্যার দিকে ওয়াশিংটন ফিরতে পারেন।
তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার খুব কমই প্রকাশ করা হয়েছে। তবে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো ইরানের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ কর্মসূচি কাঁটছাট করার চেষ্টা করছে। ইরান পারমাণবিক অস্ত্র নির্মানের প্রচেষ্টা বন্ধ করলে দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ক্রমান্বয়ে তুলে নেয়া হবে বলে বিভিন্ন সময়ে উল্লেখ করা হয়েছে। এএফপি