এমপি মাহবুবুরের স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন

 
 
 
 
 
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতি হায়দারের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রবিবার কমিশন এ মামলাটি করার অনুমোদন দিয়েছে। শিগগিরই মামলা করা হবে বলে সূত্র জানিয়েছে। এর আগে ২০১৪ সালের ২১ আগস্ট প্রীতি হায়দারের স্বামী এমপি মাহবুবুর রহমানের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় প্রায় সাড়ে ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
দুদক সূত্র জানিয়েছে—মো. মাহবুবুর রহমানের নিজ নামে ৩ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৪৪০ টাকার স্থাবর সম্পদ ও ২ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৭২ টাকার অস্থাবর সম্পদ অর্থাত্ মোট পাঁচ কোটি ৮৫ লাখ ৫১২ টাকার সম্পদের হিসাব দেন। দুদকের অনুসন্ধানে মোট পাঁচ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বৈধ কোনো উেসর প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া, এক কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে, যা তিনি তার সম্পদ বিবরণীতে গোপন করেছেন। অর্থাত্, মোট ছয় কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে।
সূত্র আরো জানিয়েছে—অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রীতি হায়দারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি দায়েরের অনুমোদন দেয়া হয়েছে। দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী এ অভিযোগ অনুসন্ধান করেছেন।