বিএনপির মুখপাত্র ও যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ বলেছেন,ন্যায়সঙ্গত গণআন্দেলনের বিজয় অনিবার্য। সময় থাকতে পতনের পদধ্বনি শুনুন,দ্রুত পদত্যাগ করে দেশ বাঁচান, মানুষ বাঁচান। তিনি বলেন,অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ‘ঢাকার বাইরের অবস্থা নাজুক’ বলে যে স্বীকারোক্তি দিয়েছেন। এটা অন্ততঃ তার ‘রাবিশ’ বক্তব্য নয়। রবিবার এক বিবৃতিতে দলের পক্ষে তিনি একথা বলেন।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, একদলীয় শাসন ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাকরণই আওয়ামী লীগের রাজনৈতিক মেনিফেস্টো। বিএনপি ও ২০ দলীয় জোট স্বৈরতান্ত্রিকতা থেকে জাতিকে মুক্ত করার জন্য এই আন্দোলন করছে।
তিনি বলেন প্রধানমন্ত্রীর হুকুমে দলবাজ আইন শৃঙ্খলা বাহিনী বিচারবহির্ভূত হত্যার মহোত্সব করছে। শনিবার ঢাকার শ্যামলী থেকে চার শিবির কর্মীকে গ্রেফতারের পর একজনকে ক্রসফায়ারে হত্যা করে অন্য তিন জনের গ্রেফতারের কথা পুলিশ এখনও স্বীকার করছে না। এইকসেঙ্গ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের থানায় ডেকে নিয়ে গুলি করে পঙ্গু করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ক্ষমতার পট পরিবর্তন হলে এসব হত্যার বিচার করা হবে।
তিনি এফবিসিসিআই সভাপতিকে ‘দলবাজ’ মন্তব্য করে দাবি করেন,তার কারণে ব্যবসায়ী সমাজের বক্তব্য সরকারের কর্ণকুহরে প্রবেশ করছে না। সরকার প্রধানের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণেই চলমান রাজনৈতিক সংকট ও অস্থিরতার সৃষ্টি হয়েছে। অতএব, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারকে দ্রুত পদত্যাগের পরামর্শ প্রদান করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সত্যিকারের জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হলে ব্যবস্থাবান্ধব স্থিতিশীল পরিবেশ নিশ্চিত হবে।