অবৈধ সম্পদ অর্জন মামলার তদন্তে সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ জব্বারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. মাসুদুর রহমান তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে ৩ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করে চিঠি দেয় দুদক।
দুদক সূত্র জানিয়েছে—২০১৪ সালের ১৩ অক্টোবর রাজধানীর রমনা মডেল থানায় সাবেক এমপি জব্বার ও তার ছেলে মাহবুব হোসেনের বিরুদ্ধে দুদক পৃথক দুটি মামলা করে। মামলা দুটির এজহারে সাবেক এমপি জব্বার এক কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৪৯০ টাকা এবং তার ছেলে মাহবুব হোসেন ১৯ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেছেন বলে উল্লেখ করা হয়। ওই মামলা তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।