মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল আহমেদ সিয়ামের নেতৃত্বে মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর একটি প্রতিনিধি দল রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
এসময় রাষ্ট্রপতি পারস্পরিক সহযোগিতার সুযোগ কাজে লাগাতে দুই দেশের সশস্ত্র বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের সফর ও প্রশিক্ষণ বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসসকে এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বিভিন্ন ধরনের নেভাল ক্রাফট তৈরি করছে এবং মালদ্বীপের নৌবাহিনী ও কোস্টগার্ড স্বল্পব্যয়ে বাংলাদেশ থেকে এগুলো নির্মাণ করে নিতে পারে।
আবদুল হামিদ বলেন, তিনি যখন সংসদের স্পিকার ছিলেন তখন মালদ্বীপ সফর করেছিলেন এবং দেশটির প্রাকৃতিক সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়েছেন।
রাষ্ট্রপতি প্রতিনিধিদলের প্রধানের মাধ্যমে মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে তাঁর শুভেচ্ছা জানান।
প্রতিনিধি দলের প্রধান বলেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে যৌথ বিনিয়োগে নেভাল ক্রাফট তৈরির কাছাকাছি পৌঁছেছে।
তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, সম্প্রতি মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ভারতের চেন্নাই হয়ে ঢাকা ও মালদ্বীপের মধ্যে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন। খবর বাসস।