২৩ যানবাহনে আগুন পেট্রোল বোমা ভাঙচুর

হরতাল-অবরোধে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ভাঙচুর অব্যাহত রয়েছে। গত শনিবার রাত থেকে গতকাল রবিবার পর্যন্ত এসব ঘটনার শিকার হয়েছে ২৩টি যানবাহন। এতে তিন জন দগ্ধ ও আট জন আহত হয়েছেন। অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

জয়পুরহাট: জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আলুবোঝাই একটি ট্রাক শনিবার গভীর রাতে ক্ষেতলাল উপজেলার শালবনে পৌঁছলে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল সকালে ক্ষেতলাল থানায় অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে মামলা হয়েছে।
পাবনা: শহরের মাসুম বাজার এলাকায় শনিবার গভীর রাতে বাসে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। চালক-হেলপারসহ বাসে থাকা কয়েকজন যাত্রী দ্রুত বাস থেকে নেমে যান। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নোয়াখালী: চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরগামী সারবোঝাই একটি ট্রাকে গতকাল ভোরে নোয়াখালী-ফেনী মহাসড়কের সিলোনিয়া এলাকায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়লে ট্রাকের পিছনের অংশে আগুন ধরে যায়। এতে ট্রাকের হেলপার লোকমান হোসেন গুরুতর দগ্ধ হন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ লোকমান ভোলার বোরহান উদ্দিন উপজেলার টবাদি গ্রামের ইউনুস মিয়ার ছেলে। লোকমানের মুখসহ শরীরের ২৫ ভাগ পুড়ে গেছে। এদিকে জেলা জজ আদালত আঙ্গিনায় গতকাল পটকা ফাটানো হলে আতঙ্ক সৃষ্টি হয়। 
ফেনী: গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কাজিরদীঘি এলাকায় চলন্ত কাভার্ডভ্যানে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়লে চালক পারভেজ (৩০) দগ্ধ হন। তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারভেজ ফেনীর সোনাগাজীর চরকৃষ্ণচর এলাকার ফকির আহম্মদের ছেলে।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী): শনিবার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নে বালুবাহী ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে চালক ও হেলপারসহ চারজন আহত হন। আহতরা হলেন- চট্টগ্রামের মিরসরাই উপজেলার রফিক, আবু তাহেরের ছেলে আরিফ, দেলোয়ার হোসেনের ছেলে আবদুস সাত্তার ও কোম্পনীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট এলাকার মিশন। গুরুতর আহত এই চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।  
সেনবাগ (নোয়াখালী) : গত শনিবার রাতে উপজেলার নবীপুর ইউনিয়নে সিএনজি চালিত অটোরিকশায় আগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসময় আরো তিনটি অটোরিকশা ভাঙচুর করে দুর্বৃত্তরা।
এদিকে, সেবারহাট-নবীপুর সড়কে গতরাতে ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি বালুভর্তি ট্রাক ও তিনটি সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : গত শনিবার রাতে চিরিরবন্দর উপজেলার আমতলীতে দুর্বৃৃত্তরা একটি কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করলে কাভার্ড ভ্যানের সামনের অংশ পুড়ে যায়। দগ্ধ চালক আবদুর রহমানকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে ফুলবাড়ী উপজেলার জয়নগর পল্লী বিদ্যুতের সামনে ২টি লেগুনা আটকে হরতালকারীরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুরে মাল বোঝাই দুইটি ট্রাক ভাঙচুর করা হয়েছে। এতে আহত হন ট্রাক চালক আব্দুল হাই (৩৫) ও নজরুল ইসলাম (৩৮)। শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের গণেশতলা গুলশান মার্কেটের সামনে একটি অটোবাইকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
বগুড়া: গতকাল সকালে শহরের শেরপুর রোডের কানছগাড়ী এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলে ধাওয়া দেয়ায় পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা করেছে জামায়াত-শিবির কর্মীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গেল রাতে পুলিশ জেলার বিভিন্ন স্থান থকে ১৫ জনকে গ্রেফতার করেছে। এছাড়া শনিবার গভীর রাতে শহরতলীর পালশা এলাকায় গ্যারেজে রাখা দুইটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
সৈয়দপুর (নীলফামারী) : শনিবার রাতে সৈয়দপুর বাইপাস সড়কের ইউনিক অটোরাইস মিলের সামনে দুর্বৃত্তরা একটি ট্রাকে হামলা চালায়। এতে ট্রাকের চালক মো. নান্নু (৪২) ও সহযোগী বাবু (২৪) গুরুতর আহত হন। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম অফিস : গতকাল ভোরে নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনির একটি ক্লাব ঘরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ৩টি বোমা ক্লাবের বাথরুমে পাওয়া যায়। বাকি ৭টি ক্লাবের পেছনে ছিল। এসময় চারটি খালি বোতলও সেখানে পাওয়া যায়। এ ঘটনায় কেউ আটক হয়নি। এসব পেট্রোল বোমা আওয়ামী লীগ-যুবলীগ কার্যালয় থেকে উদ্ধার করা হয়েছে বলে মহানগর বিএনপি দাবি করেছে। এদিকে নগরীর গোলপাহাড় মোড় এলাকায় গতকাল বিকালে ককটেল ছুঁড়ে পালানোর সময় জনতা দুই দুর্বৃত্তকে ধরে গণপিটুনি দিয়েছে। পিটুনি খেয়ে জনতার রোষানল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় উত্তেজিত জনতা তাদের বহনকারী মোটর সাইকেলটি ভাঙচুর করে। নগরীর স্টিল মিল এলাকায় গত সন্ধ্যায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসে কোন যাত্রী ছিল না। উপস্থিত লোকজন আগুন দ্রুত নিভিয়ে ফেলে।

সিলেট অফিস : জাফলং থেকে সিলেটগামী যাত্রীবাহী মিনিবাস গতকাল জৈন্তাপুর উপজেলায় বিজিবি তল্লাশি করে জিরার প্যাকেট থেকে ৮টি ককটেল উদ্ধার করেছে।