মিশরের রাজধানী কায়রোতে ফুটবল সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ২০ জন। রবিবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর বিবিসির।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, জামালেক ফুটবল ক্লাব ও ইএনপিপিআই এর মধ্যে প্রিমিয়ার লিগের ম্যাচ শুরু হওয়ার আগে জামালেকে’র সমর্থকরা বিনা টিকেটে বলপূর্বক স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা করে। সেনাবাহিনীর স্টেডিয়ামটিতে সহিংস সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়।
ফুটবল ক্লাবটির সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বর্ণনা দিয়ে লিখেছে, 'আমাদেরকে একটি সরু গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে দেয়া হয়। এটা নিয়ে হট্টোগোল শুরু হলে আমাদেরকে আরেকটি গেট দিয়ে বের হয়ে যেতে বলা হয়। বের হওয়ার গেটটিও পুলিশ ঘিরে ছিল। এসময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করতে থাকে। এতে পায়ের নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।'
২০১১ সালের মোবারকবিরোধী আন্দোলন থেকে পুলিশের সাথে ফুটবল ক্লাগগুলোর সমর্থকদের সম্পর্ক খারাপ যাচ্ছিল। সে সময় মোবারকের পতনের পেছনে এইসব 'আল্ট্রা' নামে পরিচিত ফুটবল সমর্থকদের বড় ভূমিকা ছিল। মোবারকবিরোধী আন্দোলন শেষ হওয়ার পরও বিভিন্ন সময় স্টেডিয়ামের বাইরে তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে।
পুলিশের সাথে সংঘর্ষে ৪০ জন নিহত হওয়ার পর ফুটবল লিগটি স্থগিত করেছে মিশর সরকার।
এর আগে ২০১২ সালে মিশরের পোর্ট সৈয়দে দুই দল ফুটবল সমর্থকের মধ্যে সংঘর্ষে ৭২ জন নিহত হয়েছিল।