ময়মনসিংহ’র মুক্তাগাছা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় রবিবার রাত আড়াইটার দিকে মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভ্যানে থাকা ১৪ হাজার মুরগির বাচ্চা পুড়ে অঙ্গার হয়ে গেছে। ভ্যানটিও সম্পূর্ণ রুপে পুড়ে গেছে। কাভার্ড ভ্যানের চালক আব্দুর রহমান ও এলাকাবাসী জানায় ১৪ হাজার মুরগির বাচ্চা ভর্তি কাজী ফার্ম লিমিটেড এর কাভার্ড ভ্যানটি গাজীপুর থেকে মধুপুর যাবার পথে মুক্তাগাছার রামচন্দ্রপুর নামক স্থানে রবিবার রাত আড়াইটার দিকে ৭/৮ জনের একটি গ্রুপ লাঠিসোঁটা নিয়ে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে। এ সময় তারা গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। লোকজন আসার আগেই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মুরগির বাচ্চাসহ গাড়িটি পুড়ে যায়। ভ্যানের হেলপার খোরশেদ আলম জানায় অবরোধকারীরা চালক এবং তার গায়েও পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় তারা দৌঁড়ে পালিয়ে যায়।