বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয় শ্রমিক লীগ। সোমবার দুপুরে তারা ঘেরাও কর্মসূচি পালন করেন।
এ আগে দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান ২ নম্বর গোলচত্বরের কাছ থেকে শ্রমিক লীগের একটি বিশাল মিছিল খালেদা জিয়ার কার্যালয়ের দিকে রওনা হয়। পুলিশের একটি ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যায়। তবে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের কাছে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ও সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সহসভাপতি আহমেদ ফারুক, ঢাকা মহানগর শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা সহিংস রাজনীতির জন্য খালেদা জিয়াকে দায়ী করে তাকে গ্রেফতার করতে সরকারের প্রতি দাবি জানান।