পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা চালিয়ে ৮ যাত্রী হত্যা মামলার আসামি সোহেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার জেলার দাউদকান্দির হাসানপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোহেল সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। তিনি চৌদ্দগ্রামের জগমোহনপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র।
জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারসংলগ্ন জগমোহনপুর নামক স্থানে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা হামলা চালায়। এতে ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক ২টি মামলা দায়ের করে। এ দুই মামলার অন্যতম আসামি ঘটনাস্থলসংলগ্ন জগমোহনপুর গ্রামের সন্ত্রাসী সোহেল। সোমবার সকালে হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। হাইওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিম পিপিএম জানান, অজ্ঞাতনামা গাড়ির চাপায় সোহেল মারা গেছে। সোমবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, নিহত সোহেল পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী হত্যাসহ ১২ মামলার আসামি।