ঘাটাইলে জাল টাকা-সনদ তৈরির কারখানার সন্ধান, আটক ১

টাঙ্গাইলের ঘাটাইলে জাল টাকা ও সনদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১২। রবিবার রাতে ঘাটাইল উপজেলা তথ্য সেবাকেন্দ্রে র‌্যাব-১২ টাঙ্গাইল এর একটি দল অভিযান চালিয়ে এ কারখানার সন্ধান পায়। এ সময় র‌্যাব উপজেলা তথ্য সেবাকেন্দ্র থেকে জাল টাকা ও জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জমাদিসহ তথ্য সেবা কেন্দ্রের টেইনার  মো. সেলিম আহম্মেদ (২৮) নামে  একজনকে আটক করে।
প্রত্যক্ষদর্শী জানায়, রবিবার রাতে র‌্যাব-১২ টাঙ্গাইল এর একটি দল ঘাটাইল উপজেলা তথ্য সেবাকেন্দ্রে অভিযান চালায়। র‌্যাবের দলটি সেবাকেন্দ্র থেকে জাল টাকা তৈরির মেশিন ৫০০ টাকার ৩১টি জাল নোট ও জাতীয় বিশ্ববিদ্যালয় জাল সনদ পত্রসহ একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি স্ক্যানার মেশিন জব্দ করে। এ সময় তারা মো. সেলিম আহম্মেদ (২৮) নামে একজনকে আটক করে। সেলিম ঘাটাইল উপজেলার নিয়ামতপুর গ্রামের সুলতান মাহমুদের ছেলে।
জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব সোমবার দুপুরে সেলিমকে ঘাটাইল থানায় হস্তান্তর করে। র‌্যাব-১২ এর ডিএডি রুহুল আমিন বাদী হয়ে এ ব্যাপারে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছে।
এ বিষয়ে টাঙ্গাইল র‌্যাব-১২ টাঙ্গাইল এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সে একটি চক্রের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ জালটাকা ও জাল সনদ তৈরির কাজ করে আসছিল। ধৃত ব্যক্তির কাছ থেকে জাল টাকা ও জাল সার্টিফিকেটসহ তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।