আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচি

উচ্চ আদালত বর্জন নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও বিএনপি জোট সমর্থক আইনজীবীরা।
হরতাল-অবরোধের মধ্যে আইনজীবীদের নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বিচার কাজ না চালানোর জন্য সোমবার আইনজীবী সমিতির ব্যানারে বিভিন্ন আদালতে যান সরকারবিরোধী আইনজীবীরা।
রবিবার সমিতির এক সাধারণ সভায় এভাবে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়। সমিতি বর্তমানে বিএনপি সমর্থকদের নিয়ন্ত্রণে রয়েছে।
একইসঙ্গে সমিতির এই সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে সমিতির সভাপতির কক্ষের সামনে সরকার সমর্থক আইনজীবীরা বিক্ষোভ করে।
বিক্ষোভে অংশ নেন আওয়ামী লীগের আইন সম্পাদক আব্দুল মতিন খসরু, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মো. মোমতাজ উদ্দিন মেহেদি।
আইনজীবী সমিতির বর্তমান সভাপতি হিসাবে রয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। সম্পাদক হিসাবে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।