হাতিরঝিল প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে স্ত্রীসহ জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবুল কাশেম ও দুই সচিবের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে আদালতে এ চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়।
মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য শিগগিরিই এ চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে। অনুমোদিত এ চার্জশিটে যাদের নাম রয়েছে তারা হলেন— সাবেক সংসদ সদস্য আবুল কাশেম, তার স্ত্রী সুফিয়া কাশেম, জ্বালানি মন্ত্রণালয়ের উপ-সচিব জ্ঞানেন্দ্র নাথ সরকার ও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।
দুদক সূত্র জানায়, ২০০৬ সালে জ্ঞানেন্দ্র নাথ সরকার ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ও মোখলেসুর রহমান অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে পারস্পারিক যোগসাজশে হাতিরঝিলে তেজকুনিপাড়া মৌজায় ৫৫ শতাংশ জমি দেখিয়ে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করেন। অথচ সেখানে তাদের নামে কোনো জমি ছিল না। প্রকৃতপক্ষে ওই জমি সরকারি সম্পত্তি। এক সময় ওই সম্পত্তির মালিক ছিলেন ভাওয়াল রাজা। প্রজাসত্ত আইন অনুযায়ী ১৯৫২ সালের ২৪ অক্টোবর ওই জমি তত্কালীন সরকার অধিগ্রণ করে। দুদকের উপ-পরিচালক আব্দুস সাত্তার এ মামলাটি তদন্ত করছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর কোতয়ালী থাকায় দুদকের পরিচালক যতন কুমার রায় (পিআরএল ভোগরত) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।