পেট্রোল বোমায় পুড়ল এবার শিশুদের বই

২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালের মধ্যে গতকাল সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ডে প্রাথমিক পর্যায়ের বই বোঝাই ট্রাকে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। এতে নষ্ট হয়ে গেছে প্রায় ৩৮ হাজার বই। আহত হয়েছেন চালক হারুন অর রশিদ (৪০)। ময়মনসিংহের মুক্তাগাছায় কাভার্ডভ্যান থামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে পুড়ে মারা গেছে ১১ হাজার মুরগি। এদিকে রাজশাহীতে এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেছেন ট্রাক চালকের দগ্ধ সহকারী। অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
মুন্সীগঞ্জ: পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, প্রাথমিক পর্যায়ের বিনামূল্যে বিতরণের বইগুলো ঢাকা থেকে লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি, কমলনগরে যাচ্ছিল। গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ডের কাছে হামদর্দ বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাকটি পৌঁছলে দুর্বৃত্তরা পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলের                 কাছে থাকা পুলিশ সদস্যরা দৌড়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ঘটনাস্থলের কাছ থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় আরো তিনটি তাজা পেট্রোল বোমা উদ্ধার করে।
শুকতারা ট্রান্সপোর্টের ম্যানেজার ফরিদ হোসেন জানান, গতকাল ভোর ৪টার দিকে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২৭১৪) ঢাকাস্থ বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রেস থেকে প্রাথমিক শিক্ষা বোর্ডের ৩৭ হাজার ৮০৮ পিস বই নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দেয়। ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটি মেঘনা ব্রিজ পার হয়ে গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ডের কাছে হামদর্দ বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছলে রাস্তার পাশ থেকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে। প্রথম বোমাটি ট্রাকের কাঁচে লাগলেও আগুন ধরেনি। পরে দুর্বৃত্তরা আরো একটি বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকে আগুন ধরে যায়। এ সময়  ট্রাক চালক হারুন ও হেলপার গুলজার ট্রাক থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে রাস্তায় পড়ে আহত হন। কাছে থাকা টহল পুলিশ আসতেই বোমা হামলাকারী দুই যুবক বোমা ফেলেই পালিয়ে যায়।
ট্রাক চালক হারুন অর রশিদ জানান, প্রথম বোমাটি ট্রাকের ভিতর ঢুকতে পারেনি। পরের বোমাটি ভিতরে ঢুকে আগুন ধরে যায়। আগুনের কারণে এবং পানি দিয়ে নেভানোর কারণে প্রায় সব বইই নষ্ট হয়ে গেছে।
গজারিয়ার থানার ওসি ফেরদৌস হোসেন জানান, এ ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর সব তথ্য জানা যাবে। এই ঘটনায় গজারিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন। এদিকে, লৌহজং উপজেলার পুরনো ফেরিঘাটে গতকাল ভোর ৪টার দিকে পার্কিং করা বাসে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে।
মুক্তাগাছা (ময়মনসিংহ): রবিবার গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় মুরগি বোঝাই কাভার্ডভ্যান থামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। পুড়ে মারা গেছে গাড়ির ভেতরে থাকা ১১ হাজার মুরগি। চালক আব্দুর রহমান জানান, ১০-১৫ জন দুর্বৃত্ত গাছের গুঁড়ি ফেলে সড়কে ব্যারিকেড দিলে তিনি গাড়ি থামাতে বাধ্য হন। পরে তাকে ও সহকারী খোরশেদকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 
রাজশাহী অফিস: গতকাল বিকাল পৌনে ৫টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ট্র্রাক চালকের হেলপার শহিদুল ইসলামের (৪০) মৃত্যু হয়। বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. আফরোজা নাজনীন জানান, শহিদুলের শ্বাসনালীসহ শরীরের ২৮ ভাগ পুড়ে গিয়েছিল। আমাদের সকলের সর্বাত্মক প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে চলে গেছেন। তবে একই সাথে দগ্ধ ট্রাক ড্রাইভার সাইদুল ইসলামের (৩৮) শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানান তিনি।
গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় নগরীর মোল্লাপাড়ায় অবরোধ সমর্থকদের পেট্রোল বোমার আগুনে সাইদুল ও শহিদুল দগ্ধ হন। তার বাড়ি পবা উপজেলার মুন্নাডাইং গ্রামে। তার মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। দেখে বোঝার উপায় ছিলো না তিনি জীবিত, না মৃত। শহিদুলের স্ত্রী মঞ্জুরা বেগম জানান, ‘সমপ্রতি ঋণ করে তারা ঘর তুলেছিলেন। সপ্তাহে ৭০০ টাকা কিস্তি টানতে হয়। অবরোধ শুরুর পর কোনো কিস্তিই তারা দিতে পারেননি। সংসার চালানোও কষ্টকর হয়ে পড়েছিলো। কোনো উপায় না দেখে তার স্বামী ট্রাকে উঠেছিলেন।
গাইবান্ধা: বাসে পেট্রেল বোমা ছুঁড়ে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় আরো চারজন গ্রেফতার হয়েছেন। এঘটনায় এ পর্যন্ত মোট ১৪ জনকে পুলিশ গ্রেফতার করলো।
পঞ্চগড়: রবিবার রাতে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী ট্রাকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় একটি পাথর চালক জরিপ মোহাম্মদের মুখে লাগে। ভেঙে  যায় দাঁত। 
বরিশাল অফিস: আগৈলঝাড়া বাইপাস সড়কে রবিবার গভীর রাতে ফল বোঝাই মিনিট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃৃত্তরা। চালক হাবিবুর রহমানের সাহসিকতায় প্রাণে বেঁচে যান হেলপার মামুন কাজী ও ট্রাকের মালিক আলতাফ হোসেন। এজন্য হাবিবুরকে ১০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ। ওই চালককে আরো ১০ হাজার টাকা পুরস্কার দেন স্থানীয় সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ। এ ঘটনায় উপজেলার নগরবাড়ি গ্রাম থেকে বিএনপি কর্মী আলিমুল হাওলাদারকে গ্রেফতার করছে পুলিশ।
বগুড়া: গত রাত ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বয়রাদীঘি নামকস্থানে ট্রাক থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। এদিকে, শাজাহানপুরে ট্রাক চালকের হেলপার হাসিবুল হাসান (৩২) হত্যার ঘটনায় থানায় মামলা করেছেন ট্রাক মালিক শহীদুল ইসলাম। মামলায় বিএনপি-জামায়াত শিবিরের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মোট ৪২ জনকে আসামি করা হয়েছে। ওই ঘটনায় দগ্ধ ট্রাক চালক গোলাম মোস্তফা (৩৫), কাঁচামাল ব্যবসায়ী আব্দুল আজিজ (৪৫) ও জাহাঙ্গীর হোসেনের (৩৫) অবস্থা আশংকাজনক।
শেরপুর (বগুড়া): উপজেলার ধুনট রোডের মোড়ে গতকাল সন্ধ্যায় ১০/১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা ৩০টি সিএনজি অটোরিকশা, ৫টি ট্রাকসহ ৪০ যানবাহন ভাঙচুর করে।
পাবনা :সামবার ভোর চারটার দিকে পাবনা সদর উপজেলার খয়েরসুতি হাইস্কুলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ইঞ্জিন পুড়ে যায়। এদিকে রবিবার রাতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ :তারাকান্দায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে ৭/৮ জন আহত হয়েছে। সোমবার রাতে উপজেলার বটতলায় এ ঘটনা ঘটে।