ভিসির পদত্যাগের দাবিতে বেগম রোকেয়া ভার্সিটিতে আন্দোলন জোরদার

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান অনির্দিষ্টকালের ধর্মঘটের সঙ্গে যোগ হয়েছে আমরণ অনশন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের একাংশ উপাচার্যের পদত্যাগসহ সাত দফা দাবিতে গত রবিবার রাত থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা। অনশনকারীরা জানান, উপাচার্যের পদত্যাগ, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভর্তি পরীক্ষা না হওয়া পর্যন্ত তাদের অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে ভিসিপন্থী হিসেবে পরিচিত শিক্ষকদের অপর একটি অংশ এ অন্দোলনের বিরোধিতা করে বলেছেন, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিছু শিক্ষক তাদের স্ব স্ব বিভাগের ছাত্র ও কর্মচারীদের নিয়ে এ অযৌক্তিক আন্দোলন করছে।

গত ৩ মাস ধরে প্রশাসনিক ভবনে তালা ঝোলানো থাকায় কার্যত অচল রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী দিনের পর দিন ঢাকায় অবস্থান করার ফলে সমস্যা সমাধানের কোন উদ্যোগও লক্ষণীয় নয়।