কাপাসিয়ায় মামলার বাদীকে কুপিয়ে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একটি মারধরের মামলার বাদীকে কুপিয়ে হত্যা করেছে আসামিরা। গত সোমবার রাতে ঘোষেরকান্দির জামতলায় একটি গানের অনুষ্ঠান থেকে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, আমির উদ্দিন বিভিন্ন বাজারে ইদুর-তেলাপাকার ওষুধ বিক্রি করতেন। সোমবার রাতে তিনি বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ঘোষের কান্দির জামতলা এলাকায় বয়াতীর গান শুনতে যায়। রাতে বাড়ী ফেরার পথে কোন এক সময় আড়ালিয়া বটতলা এলাকায় পৌঁছালে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। মঙ্গলবার সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সকালে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, ইতিপূর্বে আমির উদ্দিন বাদী হয়ে স্থানীয় জসিম উদ্দিন গংদের বিরুদ্ধে একটি মারামারির মামলা করেন। এর জেরে তিনি খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।