বঙ্গবন্ধুর প্রেসসচিব আমিনুল হক আর নেই

 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রেসসচিব ও প্রখ্যাত সাংবাদিক খন্দকার আমিনুল হক বাদশা আর নেই (ইন্নানিল্লাহে... রাজেউন)। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় লন্ডনের একটি নার্সিং হোমে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি নিউমোনিয়াজনিত রোগে ভুগছিলেন। খবর: বাসসের।
আমিনুল হকের ছোটভাই খন্দকার রাশিদুল হক নবা জানান, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী তার মরদেহ নিয়ে দেশে আসবেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকা অথবা কুষ্টিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আমিনুল হক বাদশা ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সমাজবিজ্ঞান বিষয়ে এম এ ডিগ্রি অর্জন করেন। পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খানের সময় ছাত্র রাজনীতিতে জড়িত থাকার কারণে বিভিন্ন সময় তিনি কারাভোগ করেছেন।
তত্কালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্কালীন ইকবাল হলের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। আমিনুল হক বাদশা মুজিবনগরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তিনি মুজিবনগর বাংলাদেশ মিশনের বহিঃপ্রচার বিভাগের পরিচালক ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালে আগরতলা মামলা থেকে মুক্তি পাওয়ার পর আমিনুল হক বাদশা বঙ্গবন্ধুর প্রেস সচিব নিযুক্ত হন। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানের সেই ঐতিহাসিক জনসমুদ্রে বঙ্গবন্ধুকে ঘিরে যেসব ছাত্রনেতা মঞ্চে ছিলেন- তাদের একজন এই খন্দকার আমিনুল হক বাদশা।

১৯৭৫ সালের শেষ দিকে সামরিক শাসনের কারণে তিনি লন্ডনে চলে যেতে বাধ্য হন। তিনি ভারত, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিভিন্ন জাতীয় পত্রিকার সংবাদদাতা হিসেবে কাজ করছিলেন।