স্মার্ট টেলিভিশনের সামনে গোপনীয় ও ব্যক্তিগত কথার ব্যাপারে সতর্ক করেছে স্যামসাং। কোম্পানিটি গ্রাহকের গোপনীয়তা রক্ষা সংক্রান্ত নীতিমালার অংশ হিসেবে গ্রাহকদের সতর্ক করার কাজটি করছে।
স্যামসাং জানিয়েছে, স্মার্ট টিভি ঘরের ভেতরের কথাবার্তা রেকর্ড করে স্যামসাং ও তৃতীয় পক্ষের কাছেও পাঠাতে পারে। টেলিভিশনের কণ্ঠস্বর সনাক্ত করে নির্দেশ গ্রহণ করার ব্যবস্থা যা 'ভয়েস রিকগনিশন সিস্টেম' নামে পরিচিত এই গোয়েন্দাগিরি করতে পারে। ভয়েস রিকগনিশন প্রযুক্তি ইতিমধ্যে স্মার্টফোনে ব্যবহার করা হচ্ছে। কিন্তু টিভির ক্ষেত্রে বিপত্তি হচ্ছে, ঘরে উপস্থিত লোকজন টিভিতে ভয়েস রিকগনিশন কার্যকর আছে কি না সে সম্পর্কে অসচেতন থাকতে পারে। ফলে টিভিটি কারো অজান্তেই গোপনীয় কথা শুনে পাঠিয়ে দিতে পারে তৃতীয় কোন পক্ষের কাছে। আর হাতের কাছেই স্মার্টফোন থাকে বলে এর মাধ্যমে এই ঘটনা ঘটার সম্ভাবনা কম। সূত্র: বিবিসি